রীতি অনুযায়ী পবিত্র হজের দিন আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয়। ২০২৬ সালের হজের খুতবার বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এবার মোট ৩৫টি ভাষায় এই খুতবার লাইভ অনুবাদ প্রচার করা হবে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে এটি সম্প্রচারের ব্যবস্থা করবে।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে শায়খ সুদাইস এই ঘোষণা দেন। সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবার হজের খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও মসজিদে নববির ইমাম শায়খ আলী হুজাইফি।
আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাতের ময়দানে হাজিরা অবস্থান করবেন। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের মূল ফরজ।
হজের খুতবা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে নিজস্ব ভাষায় পৌঁছে দিতে প্রেসিডেন্সি ৩৫টি ভাষা অনুমোদন করেছে। এই তালিকায় রয়েছে- বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগ্রিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান।
এ নিয়ে টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হচ্ছে।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজের দিন আরাফাতের ময়দান থেকে প্রচারিত খুতবার সরাসরি সম্প্রচার দেখতে ও শুনতে পারবেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন