বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শিরোনাম

সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

প্রিন্ট করুন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সারা দেশে এবার অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে নামমাত্র। কোচিং-নির্ভর বা প্রতিযোগিতামূলক কোনো ভর্তি পরীক্ষা রাখা হবে না। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রগ্রামের ফাইনাল আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, সুনাগরিক গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বাস্তবজীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাব্যবস্থা প্রচলন করতে চায় সরকার। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে।

এর অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন