শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

রেমিট্যান্স প্রবাহ ১৩ শতাংশ বেড়ে ১০ বিলিয়ন ডলার পার

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে মোট ১ হাজার ১০ কোটি ৮০ লাখ (১০.১০৮ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ (৮.৯৩৭ বিলিয়ন) ডলার। সেই হিসাবে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে (১ থেকে ১৪ অক্টোবর) প্রবাসী আয় এসেছে ১৫১ কোটি ৬০ লাখ (১.৫১৬ বিলিয়ন) ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ (১.৩৫১ বিলিয়ন) ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে অক্টোবরের দুই সপ্তাহে আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।

শুধু গতকাল বুধবার (১৪ অক্টোবর) এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা ১১ কোটি ১০ লাখ (১১১ মিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

ব্যাংকিং চ্যানেলে ডলারের আনুষ্ঠানিক দর স্থিতিশীল থাকা এবং হুন্ডি বন্ধে কেন্দ্রীয় ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বাড়ানোর ফলে রেমিট্যান্স প্রবাহ ত্বরান্বিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যাংকাররা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন