সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

মিয়ানমারের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান

সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

প্রিন্ট করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংসহ দেশটির শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট। ২০২১ সালের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে নেতারা জানান, মিয়ানমার কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে জোটের সম্মেলনে প্রতিনিধিত্ব করতে পারবে।

এ সময় দেশটির চলমান গৃহযুদ্ধে বেসামরিক মানুষের হতাহত ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আসিয়ান নেতারা। তারা সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে বেসামরিক মানুষ এবং অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানান।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একই বছরের এপ্রিলে আসিয়ান পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করলেও তা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জোটটির বিশেষ দূত থেরেসা লাজারো জানিয়েছেন, মিয়ানমারের পরিস্থিতি ধাপে ধাপে পর্যবেক্ষণ করবে আসিয়ান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন