যুক্তরাষ্ট্রে বর্তমান প্রশাসনের আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ ও অবৈধ অভিবাসনবিরোধী কড়াকড়ির কারণে দেশটিতে বৈধ কাগজপত্রহীন এবং অবস্থানগত জটিলতায় (আউট অব স্ট্যাটাস) থাকা প্রবাসীদের জন্য রেসিডেন্সি বা গ্রিন কার্ড পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবে সঠিক সময়ে সুনির্দিষ্ট আইনি পথ অনুসরণ করলে এখনও যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসন ও বৈধ মর্যাদা অর্জন সম্ভব। সম্প্রতি প্রখ্যাত অভিবাসনবিষয়ক আইনজীবী নরেশ গেহি বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান আইনি ব্যবস্থা, গ্রিন কার্ডের উপায় এবং সতর্কতার বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেছেন।
আইনজীবী নরেশ গেহি জানান, বর্তমান প্রশাসন বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে বা ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিষয়ে অত্যন্ত কঠোর। কোনো অভিবাসী তার বৈধ স্ট্যাটাস ভঙ্গ করলে বা মেয়াদ অতিক্রম করলে সরাসরি ইমিগ্রেশন আদালতের মুখোমুখি হওয়ার নোটিশ (নোটিশ টু অ্যাপিয়ার বা এনটিএ) জারি করা হচ্ছে। তাই যুক্তরাষ্ট্রে বৈধ ভিসা নিয়ে আসার পর কোনোভাবেই স্ট্যাটাসের শর্ত ভঙ্গ না করার ওপর জোর দেন তিনি।
যারা দর্শনার্থী ভিসায় (ভিজিটর ভিসা) যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং অবস্থান দীর্ঘায়িত করতে চান, তাদের জন্য ভিসা বাড়ানোর পাশাপাশি ব্যবসানির্ভর ‘ই-টু’ ভিসায় পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ রয়েছে।
নরেশ গেহি বলেন, অনেক বাংলাদেশি এ বিষয়ে অবগত নন। দর্শনার্থী ভিসায় গিয়ে সত্তোর থেকে এক লাখ মার্কিন ডলার বা তার বেশি অর্থ বিনিয়োগ করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ক্রয়ের মাধ্যমে ই-টু ক্যাটাগরিতে স্ট্যাটাস পরিবর্তন করা সম্ভব।
রাজনৈতিক ও মানবিক আশ্রয়ের (অ্যাসাইলাম) বিষয়ে নরেশ গেহি স্পষ্ট করেন যে, ঢালাওভাবে বা অসংলগ্ন তথ্য দিয়ে আশ্রয়ের আবেদন করা একদমই অনুচিত। তবে আইনানুগ ও শক্তিশালী যুক্তির ক্ষেত্র থাকলে এখনও আশ্রয়ের আবেদন করার অধিকার রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের অতি সক্রিয় কর্মী বা সদস্য, যারা নিজ দেশে ফিরলে রাজনৈতিক মতাদর্শের কারণে জীবননাশের স্পষ্ট ঝুঁকিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন সাপেক্ষে রাজনৈতিক আশ্রয়ের সুযোগ রয়েছে। একইভাবে, বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান বা শিয়া সম্প্রদায়ের মতো সংখ্যালঘু জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিজ দেশে ধর্মীয় কারণে নির্যাতন বা বৈষম্যের মুখোমুখি হয়ে থাকলে প্রমাণ পেশ করে আবেদন করতে পারেন। পারিবারিক নির্যাতন বা জোরপূর্বক ধর্মীয় বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার শিকার নারী এবং সামাজিকভাবে সুরক্ষাহীন সমকামী ব্যক্তিরাও মার্কিন আইনি কাঠামোর আওতায় আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন।
যুক্তরাষ্ট্রের পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের (ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট বা ভাওয়া) প্রসঙ্গ টেনে নরেশ গেহি জানান, মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী স্বামী বা স্ত্রী কর্তৃক শারীরিক বা মানসিকভাবে নির্যাতিত হলে ভুক্তভোগী ব্যক্তি নিজ উদ্যোগে স্বতন্ত্রভাবে গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। এই আইনটি নারী ও পুরুষ উভয় ভুক্তভোগীর জন্যই সমানভাবে প্রযোজ্য।
এছাড়া মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারীকে বিবাহের মাধ্যমেও স্থায়ী রেসিডেন্সি অর্জন সম্ভব। মার্কিন আইন অনুযায়ী সমলিঙ্গের বিবাহও সম্পূর্ণ বৈধ। সাধারণ নিয়মে মার্কিন নাগরিককে বিবাহের ক্ষেত্রে গ্রিন কার্ড প্রক্রিয়াকরণে গড়ে প্রায় এক বছর সময় লাগে। তবে ইমিগ্রেশন আদালতের প্রক্রিয়ার সম্মুখীন থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী আদালতে লড়াই চালিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।
সবশেষে, বাংলাদেশি সম্প্রদায়ের কিছু অসাধু দালাল বা এজেন্টের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে কড়া সতর্কবার্তা দেন এই অভিজ্ঞ আইনজীবী। বিশেষ করে কনস্যুলেট প্রক্রিয়ার সময় সন্তানদের জন্মতারিখ পরিবর্তন বা ভুয়া নথিপত্র তৈরির মতো কাজ করা সম্পূর্ণ জালিয়াতি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা মার্কিন কনস্যুলেটে এ ধরনের অসত্য তথ্য ধরা পড়লে ‘জালিয়াতির মুচলেকা’ (ফ্রড ওয়েভার) জমা দেওয়ার জটিলতায় পড়তে হয়, যা অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশ চিরতরে বন্ধ করে দেয়। তাই যেকোনো নথিপত্র জমাদানের পূর্বে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন