বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

প্রিন্ট করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় পৃথক হামলায় আরও তিনজন প্রাণ হারান। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্রের বরাতে আরও জানা গেছে, বুধবার ইসরাইলি বাহিনীর আগের হামলায় সাত ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তার স্ত্রী ও দুই কিশোরী মেয়ে রয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইল ৬ হাজার ৪০৫ বার তা লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অন্তত ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি নিহত, ৬ হাজার ১২০ জন আহত এবং ২২৩ জন আটক হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন