ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটির ‘বাকি অংশটুকুও ধ্বংস’ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে। আরও এগিয়ে গিয়ে এমন ব্যবস্থা নেওয়া হবে কি না, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর কখনো না ঘটে, তা বিবেচনা করা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের সম্ভাবনা তুলে ধরে ট্রাম্প বলেন, সম্ভব হলে তিনি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চান না। তবে পরিস্থিতির প্রয়োজনে হয়তো তা করতে হতে পারে। এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিধ্বস্ত অবকাঠামো ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে ২৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরান কিছুই করছে না।
তবে ইরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপ কবে নেওয়া হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ট্রাম্প। তাঁর সর্বশেষ বক্তব্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন