বৃহস্পতিবার, ২৭ আগষ্ট ২০২৬

শিরোনাম

এআই’র সহায়তায় কীভাবে ব্রেন টিউমারের অস্ত্রোপচার, জানালেন সার্জন

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

প্রিন্ট করুন

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সরাসরি সহায়তায় এক ব্যক্তির মস্তিষ্ক থেকে সফলভাবে টিউমার অপসারণ করা হয়েছে। খবর স্কাই নিউজের।

যুক্তরাজ্যে পরিচালিত এই ঐতিহাসিক অস্ত্রোপচারের মাধ্যমে নিজের দৃষ্টিশক্তি বাঁচানোর পাশাপাশি সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন ৪৮ বছর বয়সি ব্রিটিশ নাগরিক রিস হিবার্ট।

লন্ডনের ‘ন্যাশনাল হাসপাতাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারি’-এর বিশেষজ্ঞ সার্জনরা গত মে মাসে এই জটিল অস্ত্রোপচারটি করেন। এটি ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের একটি অংশ।

অস্ত্রোপচার চলাকালীন লাইভ এআই প্রযুক্তি মস্তিষ্কের ভেতরের অত্যন্ত সূক্ষ্ম টিস্যু ও সংবেদনশীল অংশগুলোকে রিয়েল-টাইমে চিহ্নিত করে এবং সেগুলোকে ভিন্ন ভিন্ন রঙে ফুটিয়ে তোলে (কালার কোডিং)। এর মাধ্যমে সার্জনরা খুব সহজেই বুঝতে পেরেছেন টিউমার অপসারণের সময় মস্তিষ্কের কোন কোন অংশ স্পর্শ করা যাবে না।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণকারী স্নায়ুসহ মস্তিষ্কের নানা গুরুত্বপূর্ণ অংশ এত পাশাপাশি অবস্থান করে যে মাত্র এক মিলিমিটারের সামান্যতম ভুলও রোগীর জীবনের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারত।

বিশ্বের প্রথম এই বিরল অস্ত্রোপচারের অংশ হতে পেরে রিস হিবার্ট নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন।

এই অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য কনসালটেন্ট নিউরোসার্জন প্রফেসর হানি মার্কাস বিষয়টিকে নিউরোসার্জারির ইতিহাসে এক ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, চিকিৎসায় ব্যবহৃত এই এআই প্রযুক্তিটি বাইরের কোনো দেশের নয়, বরং যুক্তরাজ্যের নিজস্ব ইউসিএল হকস ইনস্টিটিউটে ইন-হাউস তৈরি করা হয়েছে। মস্তিষ্কের শত শত জটিল অস্ত্রোপচারের ভিডিওর ডেটা দিয়ে এই এআই মডেলটিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

যুক্তরাজ্যে অন্যান্য জটিল অস্ত্রোপচারেও এর আগে এআই ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ, গত জুনে লন্ডনের ‘সেন্ট মার্কস’ হাসপাতালে এক নারীর অন্ত্রের অপারেশনে জাপানে তৈরি ‘ইউরেকা’ নামক একটি এআই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হয়।

চিকিৎসকদের আশা, কৃত্রিম বুদ্ধিমত্তার এই অগ্রগতির ফলে ভবিষ্যতে ক্যানসারসহ বিভিন্ন গুরুতর রোগ অনেক আগেই শনাক্ত করা সম্ভব হবে, যা যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে বড় ভূমিকা রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন