ওমান উপকূলের কাছে ২৪ জন ভারতীয় নাবিক বহনকারী একটি পালাউ-পতাকাবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলার ঘটনায় তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার। খবর আল জাজিরার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।
যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, জাহাজটিতে ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।
পরে ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে, তবে তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
এক বিবৃতিতে ভারত বলেছে, ওমানে অবস্থিত তাদের দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ নাবিকদের জীবন ও আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিখোঁজ তিন নাবিকের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, এবং যারা তাদের স্বজনদের খোঁজের অপেক্ষায় আছেন, তাঁদের কথাও আমি ভাবছি।’
বিশ্লেষকদের মতে, এ ঘটনা ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে নতুন আইনি ও নৈতিক প্রশ্ন তৈরি করেছে। পাশাপাশি এটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা ইতোমধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন