শুক্রবার, ২৬ জুন ২০২৬

শিরোনাম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

শুক্রবার, জুন ২৬, ২০২৬

প্রিন্ট করুন

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলার মানবিক সহায়তা দেবে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এই অর্থের মাধ্যমে বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলো দুর্গত মানুষের কাছে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেবে।

তিনি আরও লেখেন, ভেনেজুয়েলার ভূমিকম্পে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে, তা অত্যন্ত হৃদয়বিদারক।

প্রসঙ্গত, ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বৃহস্পতিবার হালনাগাদ তথ্যে ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসস্তূপের নিচে বিপুল মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন