শনিবার, ১৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড বানাবেন ট্রাম্প

শনিবার, আগস্ট ১৫, ২০২৬

প্রিন্ট করুন

শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক রাজনৈতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমরা ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর—যারা খুব খারাপভাবে পরাজিত হচ্ছে—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।

এরপর তিনি জোর দিয়ে বলেন, এটা সত্যি।

ট্রাম্পের এ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান জলপথটিতে চলাচল সীমিত করেছে এবং যুক্তরাষ্ট্রও ইরান-সংশ্লিষ্ট জাহাজ ও বন্দরকে ঘিরে নৌ অবরোধ বজায় রেখেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে এখানে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় থমকে যায়। এর আগের দিন নয়টি পণ্যবাহী জাহাজ পার হলেও আগস্টে প্রতিদিনের গড় ছিল প্রায় ১২টি। একই সময়ে দুটি জাহাজে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ১২ আগস্ট তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, মার্কিন নৌ অবরোধের কারণে প্রণালিটি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে এই নিয়ন্ত্রণ ধরে রাখবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব। জাহাজ পরিবর্তন করে এই অবরোধ দীর্ঘ সময় বজায় রাখা হবে বলে তিনি জানিয়েছেন।

তবে ট্রাম্পের হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার বক্তব্যটি তিনি কীভাবে বাস্তবায়ন করবেন বা এটি আনুষ্ঠানিক মার্কিন নীতিতে পরিণত হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কিছু বলেনি ইরান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন