শনিবার, ১৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

শনিবার, আগস্ট ১৫, ২০২৬

প্রিন্ট করুন

ইরান যুদ্ধের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ২৬০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন থাকলেও এই সময় ‘অনেক দীর্ঘ নয়’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রণতরীটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার অবনতি নিয়ে পরিবার ও আইনপ্রণেতাদের উদ্বেগের মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন। খবর রয়টার্সের

স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্ক যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, আট মাসের বেশি সময় ধরে সমুদ্রে থাকা রণতরীটির জন্য অতিরিক্ত দীর্ঘ হয়ে গেছে কি না। জবাবে তিনি বলেন, ‘না, না, না। মোটেও অনেক দীর্ঘ নয়’।

ট্রাম্প জানান, রণতরীটি বর্তমানে অথবা খুব শিগগিরই অন্য একটি একই ধরনের রণতরী দিয়ে প্রতিস্থাপিত হবে।

গত বছরের নভেম্বরে সান দিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করা ইউএসএস আব্রাহাম লিংকনকে পরে ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। রণতরীটিতে প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন রয়েছেন।

মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথালের দাবি, রণতরীটি ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে থামেনি, যা আধুনিক সময়ে টানা সমুদ্রে থাকার নতুন রেকর্ড।

এদিকে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা নাবিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি নিয়ে জবাবদিহি দাবি করেছেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্যের অবনতি, জীবনযাত্রার খারাপ পরিস্থিতি এবং প্রয়োজনীয় সরবরাহের সংকট।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, রণতরীটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্য ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন