যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরকে গ্রেফতার ও তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত কিশোরের নাম অর্জুন অরবিন্দ। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শহরতলি এলাকা অ্যাক্টনের বাসিন্দা অর্জুনকে রাতভর তল্লাশির পর গত বুধবার (১২ আগস্ট) সকালে গ্রেফতার করে পুলিশ। খবর এনডিটিভির।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অর্জুনের বিরুদ্ধে তার মা সুধা ভেঙ্কটেশন (৪৫) ও ১৪ বছর বয়সি ছোট ভাই সিদ্ধার্থ অরবিন্দকে হত্যার দায়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে পারিবারিক সদস্যের ওপর হামলা ও নির্যাতন, একাধিক ধারায় শারীরিক আঘাত, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং গাড়ি চুরির অভিযোগ আনা হয়েছে।
অ্যাক্টন-বক্সবোরো আঞ্চলিক হাইস্কুলের শিক্ষার্থী অর্জুন মঙ্গলবার (১১ আগস্ট) মার্থা লেনের নিজ বাড়িতে তার মা ও ছোট ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এরপর মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে পুলিশ।
মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান এবং অ্যাক্টন পুলিশ প্রধান ডগলাস স্টারনিওলো জানান, বস্টন শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত পরিবারটির নিজ বাসভবনেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর একজন গৃহশিক্ষক পূর্বনির্ধারিত সময়ে পড়াতে এসে বাড়িতে ঢুকতে না পেরে অর্জুনের বাবাকে বিষয়টি জানান। পরে অর্জুনের বাবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অ্যাক্টন পুলিশ বিভাগকে তাদের খোঁজে তদারকি করার অনুরোধ জানান।
অর্জুনের বাবা জানান, মঙ্গলবার ভোরে কাজে বের হওয়ার আগে তিনি শেষবারের মতো স্ত্রীকে দেখেছিলেন। আর ছোট ছেলে সিদ্ধার্থকে দেখা গিয়েছিল দুপুর আনুমানিক ১২টার দিকে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় জানায়, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুধা ভেঙ্কটেশন ও তার ছোট ছেলে সিদ্ধার্থের মরদেহ দেখতে পান। সুধার মরদেহ বাড়ির নিচতলার বেসমেন্টে এবং সিদ্ধার্থের মরদেহ প্রথম তলায় পড়ে ছিল।
উভয় মরদেহেই মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও ধরন এখনো চূলচেরা বিশ্লেষণ করে জানায়নি চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের বিষয়টিও এখনো তদন্তাধীন।
ঘটনার পর থেকে অর্জুন তার মায়ের সবুজ রঙের হোন্ডা অ্যাকর্ড গাড়িসহ নিখোঁজ ছিল। তদন্তকারীরা তাকে খোঁজার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনসাধারণকে সতর্ক থাকতে বলেন।
বুধবার (১২ আগস্ট) ভোরে ম্যাসাচুসেটসের ওয়েল্যান্ড এলাকার একটি পার্কিং লটে নিখোঁজ গাড়িটির ভেতরে অর্জুনকে দেখতে পেয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে হেফাজতে নেয় পুলিশ।
মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরবর্তী তদন্তে জানা গেছে, অর্জুন সম্প্রতি বেশ কিছু আশঙ্কাজনক আচরণ করছিল। সে ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে নিজের পরিবারকে হত্যা করার বিষয়ে কাল্পনিক চিন্তাভাবনা ও বিভিন্ন তত্ত্ব অনুসন্ধান করছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটির সাহায্যে সে ‘গথিক উপন্যাস’ ঘরানার গল্প তৈরি, চরিত্র সৃষ্টি এবং নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিল।
অর্জুনকে বুধবারই লোওয়েল জুভেনাইল আদালতে হাজির করার কথা ছিল। তবে কিশোর আদালত (জুভেনাইল কোর্ট) হত্যা মামলার বিচার করার এখতিয়ার রাখে না। তাই হত্যা ও আনুষঙ্গিক অন্যান্য গুরুতর অভিযোগের বিচারে তাকে পরবর্তীতে কনকর্ড ডিস্ট্রিক্ট কোর্টে স্থানান্তর করা হবে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন