শনিবার, ১৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

হিজবুল্লাহ অস্ত্র ছাড়লেই হামলা থামবে, বললেন মার্কিন দূত

শনিবার, আগস্ট ১৫, ২০২৬

প্রিন্ট করুন

লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠী তাদের অস্ত্র ত্যাগ করলে ইসরাইলি হামলাও বন্ধ হয়ে যাবে।

শুক্রবার (১৫ আগস্ট) লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।

মিশেল ইসা বলেন, ‘সময় হলে হামলা বন্ধ হবে। আর আপনারা হিজবুল্লাহকে বলুন, তারা যদি তাদের অস্ত্র ছেড়ে দেয়, তাহলে সবকিছুই থেমে যাবে।’

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে সামরিক তৎপরতা জোরদার করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই কৌশলগত অঞ্চলটি নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত।

ধারণা করা হয়, ওই এলাকায় হিজবুল্লাহর সদস্য ও কমান্ড সেন্টার রয়েছে। এছাড়া সেখানে ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনাও রয়েছে বলে মনে করা হয়।

আলি আল-তাহের এলাকায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মিশেল ইসা বলেন, এ বিষয়ে তার জানা নেই। রসিকতার সুরে তিনি বলেন, ‘আপনারা আমার চেয়ে বেশি জানেন।’

দক্ষিণ লেবাননে প্রস্তাবিত ‘পাইলট জোন’ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন কোনো এলাকা নির্ধারণের আগে প্রাথমিকভাবে চিহ্নিত অঞ্চলগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে হবে।

তিনি আরও জানান, দক্ষিণ লেবাননে তৃতীয় পক্ষের যাচাই-বাছাই ব্যবস্থায় অংশ নিতে পারে—এমন কয়েকটি দেশের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে সম্ভাব্য দেশগুলোর নাম তিনি প্রকাশ করেননি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত কয়েক মাস ধরে লেবানন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। সম্প্রতি ইতালির রাজধানী রোমে এ সংলাপের কয়েকটি দফা অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তী দফার আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মিশেল ইসা। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আল আরাবিয়া ইংলিশকে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শুরুতে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন