মঙ্গলবার, ১৮ আগষ্ট ২০২৬

শিরোনাম

ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোনালাপ, আলোচনায় ইরান

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

প্রিন্ট করুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চালু রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ আহ্বান জানান।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে ট্রাম্পকে জানিয়েছেন এরদোগান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষের আলোচনা আবারও এগিয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইরানের সীমান্তবর্তী দেশ তুরস্কের ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই দেশটি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গেও তুরস্ক নিয়মিত যোগাযোগ রাখছে।

এরদোগান ও ট্রাম্পের এই ফোনালাপের আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার আলোচনা থমকে যাওয়ায় ইরান এখন ‘পুরোপুরি আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, ওয়াশিংটনও অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নয় বলে জানিয়েছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টাও থমকে গেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথ দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে তুরস্ক।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সমালোচনা করেছে তুরস্ক। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলারও নিন্দা জানিয়েছে দেশটি।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন।

ফোনালাপে এরদোয়ান ও ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজা যুদ্ধ এবং তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করেন। তুর্কি প্রেসিডেন্ট ওই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ‘শক্ত অবস্থানের’ প্রতীক হিসেবে উল্লেখ করেন।

এরদোগান আরও বলেন, ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা বরং বেড়েছে।

এ ফোনালাপ নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন