শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শিরোনাম

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

শুক্রবার, জুলাই ৩, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার (৩ জুলাই) তিনি তেহরানের উদ্দেশে রওনা হবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি।

তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, প্রধানমন্ত্রীর সফরে তার সঙ্গে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফেডারেল মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য।

আন্দ্রাবি জানান, জানাজায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করবেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার জানাজা ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

ইরান সফর শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাবেন। সফরকালে তিনি ইস্তাম্বুলে একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর চার মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন।

ছয় দিনব্যাপী এই জানাজা ও দাফন অনুষ্ঠান প্রতিবেশী দেশ ইরাকসহ পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে।

আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড় থেকে দুই কোটি শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন এবং পুলিশ এই অনুষ্ঠানের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন