থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।
এ সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল থেকে গণমাধ্যমে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। এক পর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি।
শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই। দুর্ঘটনাটি হঠাৎ ঘটায় শুরুতে কিছুই বুঝে উঠতে পারেননি তারা। এ সময় শুটিং দলের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন।
পরে তারাই দ্রুত এগিয়ে এসে আহত অভিনেতা ও চিত্রগ্রাহককে উদ্ধার করেন।
দুর্ঘটনায় নিজের আঘাতের কথা জানিয়ে বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।’
অভিনেতা জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। তার আঘাত বাসারের চেয়েও গুরুতর বলে জানান তিনি। জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই তিনি বিদেশে শুটিংয়ে অংশ নেন।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন