শুক্রবার, ১৪ আগষ্ট ২০২৬

শিরোনাম

মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন টাস্কফোর্স ‘ফ্যালকন স্ট্রাইক’

শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

প্রিন্ট করুন

মধ্যপ্রাচ্যের একাধিক ক্ষেত্রে (ডোমেইনে) আক্রমণাত্মক ড্রোন (অ্যাটাক ড্রোন) পরিচালনার জন্য একটি বহুজাতিক টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক’। যুক্তরাষ্ট্র এবং এর আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যদের নিয়ে গঠিত এই টাস্কফোর্স সমুদ্রপৃষ্ঠে, এর ওপরে ও নিচে একমুখী (ওয়ান-ওয়ে) অ্যাটাক ড্রোন এবং মনুষ্যবিহীন বিভিন্ন সিস্টেম পরিচালনা করবে।

কমান্ডটি জানিয়েছে, এই টাস্কফোর্সে আঞ্চলিক মিত্রদের যুক্ত করার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে অ্যাটাক ড্রোনের সক্ষমতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এটি একটি সমন্বিত বহুজাতিক এবং বহুমুখী প্রতিরোধ বাহিনী (ডিটারেন্ট ফোর্স) গঠনে বিশেষ অবদান রাখবে বলে তারা মনে করছে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের কাছ থেকে আমরা যে অভূতপূর্ব উদ্ভাবনী সক্ষমতা দেখতে পাচ্ছি, তার আলোকে ‘স্করপিয়ন স্ট্রাইক’ ড্রোন টাস্কফোর্সের সাফল্যের ওপর ভিত্তি করেই ‘টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক’ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, নতুন এসব সক্ষমতার সমন্বয় ও একসঙ্গে তা মোতায়েন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং এর আঞ্চলিক মিত্ররা সামরিক দিক দিয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম একমুখী অ্যাটাক ড্রোন ইউনিট হিসেবে পরিচিত ‘টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক’ গঠনের ঠিক নয় মাসের মাথায় নতুন এই ‘ফ্যালকন স্ট্রাইক’ চালু করল সেন্টকম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন