বুধবার, ১৭ জুন ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের

বুধবার, জুন ১৭, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এমন পদক্ষেপ নিতে বলেছেন, যাতে মধ্যপ্রাচ্যে একটি ‘টেকসই নিরাপত্তা কাঠামো’ গড়ে তোলার ভিত্তি তৈরি হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে চীনের নতুন শ্বেতপত্র প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওয়াং ই। তার মতে, আন্তর্জাতিক ব্যবস্থায় অস্থিরতা ক্রমেই বাড়ছে।

ওয়াং ই বলেন, একটির পর একটি নতুন চ্যালেঞ্জ বৈশ্বিক সংকটগুলোকে আরও জটিল ও পরস্পর-সংযুক্ত করে তুলছে। সভ্যতার জাহাজ এখন এমন বিপজ্জনক জলসীমায় প্রবেশ করেছে, যেখানে লুকিয়ে আছে পাথুরে বাধা এবং প্রবল ঝড়।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মতে, চলমান বিরোধ ও সংঘাতগুলো গভীরমূলের সমস্যার বহিঃপ্রকাশ। তিনি ‘ব্ল্যাক সোয়ান’ ও ‘গ্রে রাইনো’ ঘটনার উল্লেখ করে বলেন, বিশ্বে একের পর এক অপ্রত্যাশিত সংকট এবং আগে থেকেই দৃশ্যমান কিন্তু অবহেলিত ঝুঁকি সামনে চলে আসছে।

এছাড়া আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোরও আহ্বান জানান তিনি। তার ভাষায়, দেশ বড় হোক বা ছোট, শক্তিশালী হোক বা দুর্বল, উন্নত হোক বা উন্নয়নশীল—সব দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন