নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে পার্কচেস্টার ডায়াগনস্টিক এন্ড ট্রিটমেন্ট সেন্টার নামে নতুন একটি অত্যাধুনিক ট্রিটমেন্ট ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলছে ‘পার্কচেস্টার মেডিকেল’। বিদ্যমান স্থাপনার পেছনে নির্মাণাধীন এই কেন্দ্রটি চালু হলে এক ছাদের নিচে সমন্বিত স্বাস্থ্যসেবা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নতুন এই সেন্টারে থেরাপি, বিহেভিয়ারাল হেলথসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা থাকবে। বাংলা ভাষাভাষী চিকিৎসকের পাশাপাশি আরবি ও স্প্যানিশ ভাষায় সেবা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। রোগীদের জন্য পরিবহন সুবিধাও থাকবে বলে জানান তারা।
এছাড়াও নতুন কেন্দ্রটিতে অভ্যন্তরীণ রোগ, অ্যাজমা ও ডায়াবেটিস, হৃদরোগ, শারীরিক থেরাপি, ইউরোলজি, স্ত্রীরোগ, পেডিয়াট্রি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগের সেবা মিলবে। এতে করে একই স্থানে পরিবারের সব সদস্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানায়, তারা মেডিকেড ও মেডিকেয়ারসহ অধিকাংশ স্বাস্থ্যবীমা গ্রহণ করে। পাশাপাশি ওয়ার্কার্স কম্পেনসেশন সুবিধাও রয়েছে। কর্মস্থলে দুর্ঘটনা বা আঘাতজনিত ঘটনায় চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
প্রায় ৪৫ বছর ধরে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ধাপে ধাপে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গাজুড়ে প্রতিষ্ঠানটি বিস্তার লাভ করেছে। পার্কচেস্টার ডায়াগনস্টিক অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের নতুন ভবনটি ব্রঙ্কসের ১৮৭৯ গ্লিসন অ্যাভিনিউতে নির্মিত হচ্ছে। এটি পার্কচেস্টার মেডিকেলের বিদ্যমান অফিসের সঙ্গে অভ্যন্তরীণভাবে সংযুক্ত থাকবে, যার মাধ্যমে দুটি ভবন সমন্বিতভাবে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচালিত হবে। তবে রোগীদের সহজ যাতায়াত ও সুবিধার জন্য উভয় ভবনের নিজস্ব পৃথক সড়কমুখী প্রবেশদ্বার থাকবে। নতুন সেবা কেন্দ্রটিতে একাধিক প্রাইমারি কেয়ার প্রভাইডার ও বহুভাষিক চিকিৎসক দল সেবা দেবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, কমিউনিটির মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বাংলা ভাষায় সেবা দেওয়ার সুবিধাও রাখা হয়েছে।

প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বলেন, শুরুতে তাদের প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা দিলেও গত ২০ বছরে ধাপে ধাপে বিশেষায়িত চিকিৎসাসেবা যুক্ত করা হয়েছে। ৪ হাজার বর্গফুট থেকে বাড়িয়ে ১২ হাজার বর্গফুটে সম্প্রসারণের ফলে নতুন করে বিভিন্ন বিশেষায়িত বিভাগ চালু হচ্ছে। তিনি বলেন, রোগীদের আস্থা ধরে রেখে আগামীতেও আরও উন্নত সেবা দেওয়া হবে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন