বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দেশে ফিরছেন দুই পাকিস্তানি কোচ শাহেদ মাহমুদ ও আরশাদ খান। মূলত চাকরির মেয়াদ না বাড়ায় বাংলাদেশ অধ্যায়ের ইতি ঘটল তাদের। তাদের পরিবর্তে কারা দায়িত্ব নেবেন, তা এখনো নিশ্চিত করেনি বিসিবি।
দুই বছর আগে বাংলাদেশে কোচ হয়ে এসেছিলেন শাহেদ মাহমুদ। বিসিবির গেম ডেভলেপমেন্ট কমিটির বোলিং প্রোগ্রাম বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত ‘স্পিনিং হান্ট’ কার্যক্রম এবং বয়সভিত্তিক দলের ক্যাম্পে স্পিনারদের নিয়ে কাজ করেছেন এই কোচ।
তবে নতুন করে শাহেদের সঙ্গে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি। ফলে বিসিবির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকছে না তার। আজ বুধবার নিজ দেশে ফিরে যাবেন এই কোচ।
এদিকে গেম ডেভলেপমেন্ট বিভাগের আরেক পাকিস্তান কোচ আরশাদ খানের সঙ্গেও চুক্তি নবায়ন করেনি বিসিবি। গেল ২ বছর ধরে তিনিও বয়সভিত্তিকের বিভিন্ন প্রোগ্রামে স্পিনারদের নিয়ে কাজ করে যাচ্ছিলেন। নতুন করে চুক্তি না হওয়ায় তিনিও বাংলাদেশ ছাড়ছেন।
শাহেদের মতো আরশাদও আজ ঢাকা ছাড়বেন। তবে তাদের জায়গায় কোন কোচ আসবেন, সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন