সোমবার, ১০ আগষ্ট ২০২৬

শিরোনাম

চীনে টাইফুন ‘ডলফিন’র আঘাত, সরানো হলো ১০ লাখেরও বেশি মানুষকে

সোমবার, আগস্ট ১০, ২০২৬

প্রিন্ট করুন

চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। এরইমধ্যে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর সাংহাইও রয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে টাইফুনটি। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আঘাত হানার সময় এর সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার (৯৪ মাইল)। এর প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝৌ শহরেও দ্বিতীয়বারের মতো আঘাত হানে ঝড়টি।

টাইফুনের কারণে পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে চীনা কর্তৃপক্ষ ‘ডলফিন’র জন্য সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করেছিল। তবে সোমবার সকালে ঝড়টির শক্তি কমে যাওয়ায় সতর্কতার মাত্রা কমিয়ে এটিকে ক্রান্তীয় ঝড়ে পরিণত করা হয়।

তবে ডলফিন এখনো স্থলভাগের আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং সাংহাইয়ের দ্য বান্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থানও রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন