জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ করতে চাই, সন্ত্রাস বন্ধ করতে চাই, আমরা একটি ন্যায়সঙ্গত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালাবার পথ, এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লিতে যেতে হবে।’
আজ সোমবার সকালে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ জুন গাইবান্ধার সাঘাটায় সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের খুনিদের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ কোন দলের সঙ্গে থাকে না। ফ্যাসিবাদ একটা ভাইরাস। এক ফ্যাসিবাদকে তাড়ালে হবে না, জনগণ আর ফ্যাসিবাদ চায় না। কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্র দেওয়া হবে না। আপনারা তৈরি হন। যেভাবে ২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন। হয় তো আবারও রাস্তায় নামতে হবে। জাতির জন্য একবার নয়, শতবার নামব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা দুর্বল নই, যারা জনগণের কাছ থেকে চাঁদা নেয়, তারা দুর্বল। সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। তারা স্কুল-কলেজ-মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদে দলীয় লোক বসিয়েছে। কারণ ওই সব প্রতিষ্ঠানে নিয়োগ আছে, চুষলে মধু পাওয়া যায়। সব জায়গায় হরিলুট চলছে।
দুই শিবির নেতা হত্যার বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রশাসনকে স্পষ্ট বলেতে চাই, আসামিদের নজরদারিতে রেখেছেন কিন্তু মুল আসামি পলাশকে ধরছেন না কেন?
তাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ।
জনসমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং বগুড়া জেলা আমির মো. আব্দুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবীর রানা, গাইবান্ধা সদর শহর আমির ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য এ.কে.এম ফেরদৌস আলম এবং শ্রমিক কল্যাণের জেলা সভাপতি নূরুন্নবী প্রধান।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন