জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তানের নীতি কার্যকর করতে কড়া আইন আনার উদ্যোগ নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় সোমবার (১৭ আগস্ট) বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের সাফল্য ও আগামী দিনের কর্মসূচি তুলে ধরার সময় এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিবারে দুটি সন্তানই যথেষ্ট।’ দুই সন্তান হয়ে গেলে দম্পতিদের স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গর্ভনিরোধক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে গর্ভনিরোধক পরিষেবা দেওয়ার কথাও জানান মন্ত্রী।
তবে প্রস্তাবিত আইনে ঠিক কী ধরনের বিধিনিষেধ থাকবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। আইনটি কবে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়েও বিস্তারিত ঘোষণা হয়নি।
মাতৃমৃত্যুর বিষয়ে জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অল্প বয়সে গর্ভধারণ এবং একাধিকবার সন্তান প্রসবের কারণে প্রসূতিদের ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
শারদ্বত দাবি করেন, রাজ্যের কয়েকটি জেলা থেকে ১৩তম এমনকি ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। তিনি এসব ঘটনার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের প্রসঙ্গ টানেন। তবে তার দাবি, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
১৮ বছর পূর্ণ হওয়ার আগেই মেয়েদের গর্ভধারণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, নাবালিকা গর্ভধারণের ঘটনায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে রয়েছে। মুর্শিদাবাদের সুতি-১, সুতি-২ এবং শমসেরগঞ্জ এলাকায় এই সমস্যা বেশি বলে তিনি উল্লেখ করেন।
অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণ বন্ধ করতে সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে আরও সক্রিয় করার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনসংখ্যা বাড়লে পরিবেশের ওপরও চাপ বাড়ে। ভবিষ্যতে স্কুল-কলেজে আসনের সংকট, কাগজের চাহিদা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ বৃদ্ধির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি নারীস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার ওপরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
আগামী দিনে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য কলকাতায় একটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক বহির্বিভাগ চালুর পরিকল্পনার কথাও তিনি জানান।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন