রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ইউরোপের দেশ এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া এবং এস্তোনিয়ায় বসবাসরত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অভিযোগে এ সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অভিযোগ তোলে। এর আগে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় রুশ কর্তৃপক্ষ।
বিবৃতিতে মস্কো বলেছে, এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড দেশটিকে রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ইউক্রেনের ড্রোনকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার জন্য এস্তোনিয়া নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেছে মস্কো। তবে তাল্লিন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষার ব্যবহার সীমিত করা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকির অভিযোগও তুলেছে রাশিয়া।
চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে নারভা নদীর ওপর গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারের পথও রয়েছে। এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল রুশ নিরাপত্তা সংস্থাগুলো। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক অভিযানের জন্য দেশটির ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি কখনো দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।
রাশিয়া সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পরিণতি শুধু এস্তোনিয়াকে নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্র দেশগুলোকেও ভোগ করতে হতে পারে।
এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে বলেছেন, এস্তোনিয়ার পাশাপাশি পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাও নজরে রাখা হচ্ছে। সামরিক পরিস্থিতি বিবেচনায় ন্যাটো নিজেদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা পর্যালোচনা করবে এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করবে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন