শনিবার, ১৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

শনিবার, আগস্ট ১৫, ২০২৬

প্রিন্ট করুন

শোকাবহ ১৫ আগস্ট আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। এবার ভিন্ন প্রেক্ষাপটে এসেছে ১৫ আগস্টের দিনটি। টানা ১৫ বছর পর এবার ৩য় বারের মতো দিনটি রাষ্ট্রীয়ভাবে ও জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছে না।

ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবার পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়।

বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন শাহাদাতবরণ করেন তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। তবে প্রবাসে থাকায় জীবন রক্ষা পায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার।

পঁচাত্তরের বিয়োগান্ত হত্যাকাণ্ডের দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের পদক্ষেপ নেয়। নানা ঘটনাপ্রবাহ শেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া শেষ হয়।

পরে বিদেশে পলাতক আরও এক হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হয়। তবে এখনও বিদেশে পলাতক রয়েছে আরও পাঁচ হত্যাকারী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন